
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর ) সংবাদদাতা-০৬/০৪/২০২৬
ফরিদপুরের ভাঙ্গায় রোববার (৫ এপ্রিল) রাতে তামান্না বেগম (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। সে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের মানিকদী গ্রামের ইয়াছিন মাতুব্বরের স্ত্রী এবং একই গ্রামের জামাল মাতুব্বরের মেয়ে।
ভাঙ্গা থানার উপপরিদর্শক হাবিবুর রহমান জানান, ভাংগা থানার আলগী ইউনিয়নের মানিকদী গ্রাম থেকে রোববার রাতে ঐ গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য সোমবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।তার শ্বশুর শাহেদ আলী মাতুব্বরের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, রবিবার বিকালে তামান্না তার দাদি আয়েশা বেগম এর সাথে দুপুরের খাবার খেয়ে তার স্বামীর ঘরে যান। এসময় তার শ্বশুর-শাশুড়ি এবং স্বামী কেউ বাড়িতে ছিলেন না। বিকেল সাড়ে চারটার দিকে তার শ্বশুর শাহেদ আলী মাতুব্বর বাড়িতে এসে তামান্নার ছোট ছেলে ওমর ফারুক (০২) এর কান্নার আওয়াজ শুনে ঘরে প্রবেশ করে তাকে ঘরের বাঁশের আড়ার সঙ্গে ওড়না দ্বারা ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এসে তামান্নার ঝুলন্ত মরদেহ নিচে নামান। পরে থানায় খবর দেওয়া হলে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করেন। তিনি কিছুদিন যাবৎ মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তার পিতা-মাতা দুজনেই মালয়েশিয়া প্রবাসী এবং বর্তমানে তারা মালয়েশিয়া রয়েছেন।

