
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-৭/৪/২০২৬
ফরিদপুরের ভাঙ্গায় কৃষি প্রনোদনার কর্মসূচির আওতায় পেঁয়াজ সংরক্ষণের লক্ষ্যে
৬৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ হল রুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।
ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আবু জাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল মামুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, ভাঙ্গা উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং পেঁয়াজ চাষিরা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম বাবুল এমপি বলেন, ‘দেশের সিংহভাগ পেঁয়াজ উৎপাদিত হয় ফরিদপুর জেলায়। পেঁয়াজ একটি পচনশীল দ্রব্য । এই পণ্য দীর্ঘদিন সংরক্ষণ করা যায় না। কৃষকেরা মাঠ থেকে পেঁয়াজ তুলে ১৫০০ থেকে ১৮০০ টাকা মণে বিক্রি করে দেন। কয়েক মাস যেতে না যেতেই পেঁয়াজের মণ চার হাজার টাকার উপরে বিক্রি হয়। কৃষকরা উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন। মুনাফা অর্জন করেন মধ্যস্বত্বভোগীরা। এ নিত্য প্রয়োজনীয় কৃষি পণ্যটি যাতে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারে সে জন্য কৃষকদের হাতে এয়ার ফ্লো মেশিন তুলে দেওয়া হচ্ছে। এই মেশিনের মাধ্যমে কৃষকরা দীর্ঘদিন পেঁয়াজ সংরক্ষণ করতে পারবেন। সংরক্ষিত পেঁয়াজ দেশের চাহিদা মিটিয়ে আমরা বিদেশে রপ্তানি করতে পারবো।

