
রানা অর্নব
সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা-০৮/০৪/২০২৬
ফরিদপুরের সদরপুর উপজেলায় অবৈধভাবে ফসলি জমি নষ্ট করে মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার ভাষানচর ইউনিয়নের কারীরহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।
অভিযানে বাণিজ্যিক উদ্দেশ্যে অনুমতি ছাড়া ফসলি জমি থেকে মাটি উত্তোলনের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে শাস্তি প্রদান করেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে ও কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

