ভাঙ্গায় হত্যা মামলা তুলে না নেওয়ায় বাদী সহ ৪ জনকে কুপিয়ে জখম


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-০৬/০৪/২০২৬

হত্যা মামলা তুলে না নেওয়ায় বাদী মাজেদ শরিফ সহ তার পরিবারের আরো ৩ সদস্যকে কুপিয়ে জখম করেছে আসামি পক্ষের লোকজন। অতর্কিত ভাবে এলোপাথারী কুপিয়ে জখম করে মাজেদ শরিফ, শহীদুল শরিফ, আসমা বেগম ও সাবিনাকে। গুরুতর আহতদের উদ্ধার করে প্রথমে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করলে সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনাটি ঘটেছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের থানমাত্তা গ্ৰামে সোমবার দুপুরে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অনাকাঙ্খিত ঘটনা এড়াতে দুপুর থেকেই রাত পর্যন্ত পুলিশ মোতায়েন রেখেছে।
জানা গেছে, গত বছর থানমাত্তা গ্ৰামে রাতের বেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে ইয়াসিন খালাসি ও রায়হান শেখ কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ।
সেসময় ভাঙ্গা থানায় মাজেদ শরিফ বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। সেই মামলার প্রধান আসামি বাদশা শরিফ গং মিলে মামলাটি তুলে নেওয়ার জন্য বাদীকে হুমকি ধামকি সহ চাপ দিতে থাকে। বাদী মামলা তুলতে রাজি না হওয়ায় আজ সোমবার দুপুরে বাদীসহ তার পরিবারের উপর হামলা চালায়।
আহত মাজেদ শরিফ জানান, দুপুরে আমাদের উপর অতর্কিত হামলা চালায় বাদশা শরিফ, রিগান শরিফ, আলমগীর শরীফ, স্বপন শরিফ, রবিউল শরিফ, মতিয়ার শেখ, হৃদয় শেখ ও মিজানুর শরিফ।
এব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনে সারারাত সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর নিয়োজিত থাকবে। এ ঘটনায় ৪ জন অস্ত্র খবর শুনেছি। এখনও পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পাওয়া মাত্রই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।