
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-১৮/০২/২০২৬
ফরিদপুরের ভাঙ্গায় বুধবার(১৮ ফেব্রুয়ারি) সকালে হাইওয়ে এক্সপ্রেসের পাশ থেকে অজ্ঞাত নারীর (৪৫) মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের সার্ভিস লেনের গাবতলী নামক স্থান থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম জানান, সকালে খবর পেয়ে আমরা সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করি। লাশের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতে চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে অন্যত্র কোন জায়গা থেকে নারীটিকে হত্যা করে তার মরদেহটি রাস্তার পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। লাশের পরিচয় সনাক্তের জন্য ফরিদপুর থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তা চাওয়া হয়েছে। পরিচয় পাওয়ার পর রহস্য উদঘাটন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

