সদরপুরে ইলিশ রক্ষার অভিযানে ৭ জেলেকে কারাদণ্ড


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা,
প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসন। নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকার ও কারেন্ট জাল ব্যবহারের বিরুদ্ধে সোমবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়।
অভিযানে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা-ইলিশ ধরার অপরাধে ৭ জেলেকে আটক করা হয়। এ সময় ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৩ কেজি ইলিশ জব্দ করা হয়। পরে আটককৃত জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জব্দকৃত মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয় এবং উদ্ধারকৃত কারেন্ট জাল নদীর পাড়ে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা জানান , ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গত ৪ অক্টোবর থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনের জন্য নদী ও সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এই আদেশ অমান্য করে যারা ইলিশ মাছ শিকার করছে তাদের বিরুদ্ধে প্রাকৃতিক সম্পদ রক্ষা ও জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।