সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: সদরপুর উপজেলার পদ্মা আড়িয়াল খাঁ নদী থেকে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার দায়ে শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৩ জেলে আটক হয়েছে।
আটককৃত জেলেরা হলেন, মোঃ দুদু মিয়া (৪৭), রাকিব হাসান (১৯), অসিম শিকদার (২০), সজিব হোসেন (১৮), খলিলুর রহমান (২৯), লুৎফর (৩৫), নূর মোহাম্মাদ (২২), সজন খালাসী (৩৮), মোঃ হায়দার হোসেন (২০), কালাম কাড়াল (৪৫), কালাম মোল্যা (৪০), সিরাজ সরদার (৪৫), নুরুল হক( ১৯)। প্রত্যেক জেলেকে ১বছর করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট পূরবী গোলদার। এছাড়াও নদী থেকে অপ্রাপ্ত বয়সের ৮ জন কিশোর কে আটক করেছে আদালত।
মৎস্য রক্ষা ও সংরক্ষন আইন ১৯৫০ এর ৫ ধারায় এদেরকে শাস্তি দেওয়া হয়। দন্ডপ্রাপ্তরা সদরপুর উপজেলার চরনাছিরপুর, দিয়ারা নারিকেল বাড়িয়া, আকোটেরচর ও ঢেউখালী ইউনিয়নের বাসিন্দা। অভিযানে আটক প্রায় ৪০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পোড়ানো হয়।
অপরদিকে অসাধু জেলেদের নিকট থেকে আটককৃত ১মন ইলিশ উপজেলার বিভিন্ন এতিমখানার মাঝে বিতরন করা হয়। মৎস্য সংরক্ষন অভিযানে উপস্থিত ছিলেন সদরপুর মৎস্য কর্মকর্তা বাপি কুমার দাশ।

