ভাঙ্গায় দুই মামলায় সাংবাদিক নামধারী শহিদুল আটক

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ডিজিটাল নিরাপত্তা ও চাঁদাবাজি আইনে দায়ের করা দুইটি মামলায় মো: শহিদুল (৪০) কে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা কোর্টপাড় সিয়াম টাওয়ারের ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার আলগী ইউনিয়নের মানিকদী খারদিয়া গ্রামের মৃত: আব্দুল মজিদ মোল্লার ছেলে।

পুলিশ জানায়, ফেসবুকের সাংবাদিক নামধারী চক্রের মূল হোতা মো: শহিদুল ও মনিরুল হক মোল্লার নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন যাবত তাদের নিজস্ব ফেসবুকে সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নামে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও কুরুচীপূর্ণ স্ট্যাটাস পোস্ট দিয়ে তা ইন্টারনেট জগতে শেয়ার করে ছড়িয়ে দেবার ভয় দেখিয়ে অনৈতিক অর্থ বানিজ্য ও উদ্দেশ্যমূলক ভাবে সম্মান হানি করে আসছিল।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জয়ন্ত এ প্রতিবেদককে জানান, মো: শহিদুল ও মনিরুল হক মোল্লা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. মোহসিন উদ্দিন ফকিরের নিকট তাঁর অফিসে গিয়ে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় চক্রটি ক্ষিপ্ত হয়ে তাদের ফেসবুকে সরকারি প্রতিষ্ঠানকে জড়িয়ে ঐ কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ প্রকাশ করে। এতে সরকার ও সরকারি কর্মকর্তার ভাবমুর্তি ক্ষুন্ন হয়। পরে যথাযথ কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে পেনাল কোড- ১৮৬০ এর ৩৮৫ ধারা তৎসহ ডিজিটাল নিরাপত্তা আইন- ২০১৮ এর ২৫ (২)/১৯ (১)/৩৫ ধারায় মামলা রুজু করা হয়। ভাঙ্গা থানার মামলা নাম্বার- ৩৪, তারিখ: ২৪/০৬/২০২১. উক্ত মামলায় শহিদুল কে আটক করা হয়েছে। আটক শহিদুলের বিরুদ্ধে দেশের অন্য কোন থানায় আরো মামলা রয়েছে কিনা? তা খতিয়ে দেখে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।

অপর মামলাটি করেন ভাঙ্গা উপজেলা থেকে প্রকাশিত ও বহুল প্রচারিত “ভাঙ্গার আলো” (প্রিন্ট ও অনলাইন) পত্রিকার বার্তা সম্পাদক ও বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন (বিওজেএ) ফরিদপুর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রফিকুজ্জামান।

আটক শহিদুল ও পলাতক আসামী মনি মোল্লার নেতৃত্বে একটি চক্র তাদের ফেসবুকে গত ৬ জুন’২০২১ তারিখ হতে পরিকল্পিতভাবে তাঁর সুনামকে ক্ষুন্ন করতে আপত্তিকর পোস্ট দিয়ে আসছে। চক্রটি গত ২/৩ বছর আগের বিভিন্ন সময়ে বিকাশ প্রতারণার দায়ে আটক অভিযুক্তদের তোলা ছবি ভাঙ্গা থানা ও ফরিদপুর ডিবি পুলিশের ফেসবুক পেইজ থেকে ডাউনলোড করে এর সাথে রফিকুজ্জামানের একক ছবি যুক্ত করে তাদের ফেসবুকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত হয়ে মানহানিকর পোস্ট দেয়। এ কারনে তিনিও ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৫ (২), ১৯ (৯)/ ৩১ (২)/ ৩৫ ধারায় মামলা করেন। ভাঙ্গা থানার মামলা নাম্বার- ৩৫, তারিখ- ২৬/০৬/২০২১.

থানার অফিসার ইন-চার্জ সৈয়দ লুৎফর রহমান জানান, মামলায় ২ জন আসামীর মধ্যে শহিদুল কে আটক করা হয়েছে। শুক্রবার তাকে সংশ্লিষ্ট আদালতে হাজির করা হবে। বাকি পলাতক আসামী মনিরুল হক মোল্লাকে আটক করতে সম্ভাব্য স্থানগুলিতে অভিযান অব্যাহত রেখেছি। আশা করি অচিরে তাকেও আটক করা সম্ভব হবে।

স্থানীয় সুধী সমাজ শহিদের রাজকীয় জীবন যাপনে বৈধ আয়ের উৎস খুঁজে বের করতে পুলিশ সুপার মহোদয়ের প্রতি জোর দাবি জানান এবং তাকে আটক করায় স্থানীয় থানা ও জেলা পুলিশের প্রতি সন্তোষ প্রকাশ করেন।