করোনায় অসহায় মানুষের পাশে দাঁড়াতে নিক্সন চৌধুরীর আহ্বান

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: করোনাকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান জানালেন ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।

শনিবার বিকেলে উপজেলার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে আয়োজিত “করোনা মহামারি প্রতিরোধ” শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘করোনা ভাইরাস মোকাবেলায় একমাত্র ঔষধ হচ্ছে লকডাউন। লকডাউনে দিন মজুর ও মধ্যবিত্তরা বিপাকে পড়েছে বেশী। তাই এদেরকে সহযোগিতার জন্য এগিয়ে আসতে হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোবল এবং সঠিক সিদ্ধান্তের কারনেই মহামারি যুদ্ধে দেশ টিকে আছে।

সভায় ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার বলেন, দেশ আজ যে পরিস্থিতিতে পৌঁছেছে তাতে করে এখনই আমাদের সচেতন না হলে আগামীতে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে। তাই সকলকে সরকারি বিধি নিষেধ মেনে চলতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ফরিদপুর জেলা পুলিশ সুপার আলিমুজ্জামান (বিপিএম) বলেন, সরকারি নির্দেশনা মেনে চলতে ও চালাতে পুলিশ দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। আপনারা বিধি নিষেধ মেনে চললে এই পরিশ্রম স্বার্থক হবে। এসময় তিনি আইনকে শ্রদ্ধা করে সকলকে ঘরে থাকার এবং অসহায়দের পাশে দাঁড়াবার অনুরোধ জানান।

জেলা সিভিল সার্জন ডাক্তার ছিদ্দিকুর রহমান বলেন, করোনার পরিস্থিতি ফরিদপুর জেলায় মহামারিতে রুপ নিচ্ছে। সুতরাং ঘরে থাকুন এবং করোনায় আক্রান্তদের সহযোগিতা করুন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান এস,এম হাবিবুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) ব্যারিস্টার সজিব আহমেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহসিন ফকির, শিক্ষা কর্মকর্তা মুন্সি রুহুল আসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ লুৎফর রহমান, হাই-ওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক, মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী, বিভিন্ন ইউপি’র চেয়ারম্যান ও মেম্বার, মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।