ভাঙ্গার চতুর্মুখী সড়ক ৬ ঘন্টা ধরে অবরোধ। দক্ষিণাঞ্চলের যান চলাচল বন্ধ । যাত্রীদের ভোগান্তি চরমে


মোঃ রমজান সিকদার
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-০৯/০৯/২০২৫
ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে কর্তন করে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করায় এবং তা পুনর্বহালের দাবিতে ভাঙ্গার চতুর্মুখী মহাসড়ক অবরোধ করেছে ভাঙ্গাবাসী। সড়কের উপর গাছ কেটে ও গাছের গুঁড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে মহাসড়কের প্রায় ৮টি স্পটে অবস্থান নিয়েছে দলমত নির্বিশেষে হাজার হাজার হাজার মানুষ। এতে করে দক্ষিণাঞ্চলের সকল জেলার যান চলাচল বন্ধ হয়ে যায়। ইতিমধ্যেই ৬ ঘন্টা ধরে অবরোধের কারণে ভাঙ্গা ইন্টারচেঞ্জের চারদিকের কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী। যানবাহনে থাকা যাত্রীদের পানি, খাবার ও পয়োঃ নিস্কাশনের চরম অসুবিধা হতে দেখা গেছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮ টা থেকে শুরু করে দুপুর গড়িয়ে লাগাতার চলা অবরোধ ফরিদপুর বরিশাল মহাসড়কের পুকুরিয়া বাসস্ট্যান্ড , মাধবপুর বাসস্ট্যান্ড, নওপাড়া বাসস্ট্যান্ড , ঢাকা খুলনা মহাসড়কের মুনসুরাবাদ বাসষ্টান্ড, সুয়াদী বাসস্ট্যান্ড, ঢাকা ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের শুরু ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ড , মালিগ্ৰাম বাসস্ট্যান্ড সহ একাধিক স্থানে ব্যানার ফেস্টুন হাতে নিয়েবিভিন্ন শ্লোগান দিয়ে সড়ক অবরোধ চলছে। অবরোধকারীদের দাবি অনতিবিলম্বে ভাঙ্গার দুটি ইউনিয়নকে পুর্ন বহাল না করা পর্যন্ত লাগাতার অবরোধ চলবে। এদিকে আন্দোলনকারীদের ১২ টি ইউনিয়নের চেয়ারম্যান ও পৌরসভার বিভিন্ন দলের নেতাকর্মী এবং সমাজের বিত্তবানেরা খাবার ও পানি সরবরাহ করতে দেখা গেছে।
উল্লেখ্য এর আগে গত শুক্রবার (৫ সেপ্টেম্বর ) আসন বিন্যাস নিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের গেজেট বাতিলের দাবিতে দুই দফা ৭ ঘন্টা ব্যাপী মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ এলাকাবাসী। সেসময় উপজেলা প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে তিন দিনের আল্টিমেটাম সোমবার পর্যন্ত অপেক্ষা করে ভাঙ্গাবাসী। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনের কোন ধরনের পদক্ষেপ না নেয়ায় আজ মঙ্গলবার আবার তারা মহাসড়ক অবরোধ করে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন জানান, আসন বিন্যাস নিয়ে ভাঙ্গাবাসি আজ মঙ্গলবার সকাল থেকেই সড়ক অবরোধ করে রেখেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিটি স্পটে অবস্থান নিয়েছে। আন্দোলন কারীদের বোঝানোর চেষ্টা চলছে প্রশাসনের পক্ষ থেকে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকিবুজ্জামান জানান, অবরোধের কারণে সড়কের চতুর্দিকে যানজটের সৃষ্টি হয়েছে। তবে পুর্ব ঘোষণানুযায়ী বাস মালিক সমিতির পক্ষ থেকে পরিবহন গাড়ী সড়কে আজ কম ছিল। আবার কিছু গাড়ি মাদারীপুর হয় রাজধানীতে চলাচল করছে। আমরা উধ্বর্তন কতৃপক্ষের সাথে আলোচনা করে যাচ্ছি আন্দোলনকারীদের সাথে আলোচনার জন্য।