
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা(ফরিদপুর) সংবাদদাতা-০৬/০১/২০২৬
ফরিদপুরের ভাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধে দুই দল গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষ মিলে উভয় পক্ষের ১০ আহত হয়েছে। সোমবার(৫ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের ২নং ওয়ার্ডের সুলনা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, সুলনা গ্রামের লিটু মাতুব্বরের সাথে তারই চাচাতো ভাই ভুলু মাতুব্বরের মধ্যে একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার রাতে ওই বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের কয়েকজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। গুরুতর আহতদের স্থানীয় উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়,
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় আমিনুল মাতুব্বর (১৮) কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতরা হলেন-জুয়েল মাতুব্বর (৪২), হেনা বেগম (৩৫), আন্না বেগম (৩৮) ও ভুলু মাতুব্বর (৫০)। তাদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
আলগী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মজিবর মুন্সী বলেন, লিটু মাতুব্বর ও ভুলু মাতুব্বর আপন চাচাতো ভাই। জমি নিয়ে এদের পারিবারিক বিরোধ রয়েছে। এ বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে দুই পক্ষের লোকই আহত হয়েছে।
এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম জানান, ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

