
মোঃ রমজান সিকদার
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-৫/১০/২০২৫
শিক্ষক সমাজ গঠনের প্রধান কারিগর। তাঁরা শুধু জ্ঞান বিতরণ করেন না বরং তরুণ প্রজন্মকে অনুপ্রেরণা জোগান। শিক্ষক স্বপ্ন দেখতে শেখান এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করে তোলেন। আর শিক্ষক দিবস হলো সেই বিশেষ দিন যেদিন আমরা শিক্ষকদের অবদানকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করি। প্রতিবছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। ১৯৯৪ সালে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা এই দিনটি ঘোষণা করে। এ বছরের শিক্ষক দিবস ২০২৫-এর প্রতিপাদ্য ‘শিক্ষকতাকে একটি সহযোগী পেশা হিসেবে পুনর্গঠন-যা শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষাব্যবস্থার জন্য সহযোগিতার রূপান্তরমূলক সম্ভাবনা তুলে ধরে। তারই ধারাবাহিকতায় ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় রোববার সকালে আয়োজন করা হয় র্যালী ও আলোচনা সভা।
সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে শতশত শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে একটি বর্ণাঢ্য র্যালী শহর প্রদক্ষিণ করেন। এরপর উপজেলার কনফারেন্স রুমে আলোচনা সভা হয়। সভায় সভাপতি ও উপস্থিত শিক্ষকগন বক্তব্য রাখেন। এসময় তারা বলেন, শিক্ষক দিবস ২০২৫ আমাদের স্মরণ করিয়ে দেয় শিক্ষকেরা কেবল জ্ঞান দেন না বরং শিক্ষার্থীর মূল্যবোধ, দক্ষতা ও স্বপ্ন গড়ে তোলেন। নতুন প্রযুক্তি, উদ্ভাবনী শিক্ষণপদ্ধতি আর মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করে শিক্ষকেরা ভবিষ্যতের বিশ্বনাগরিক তৈরি করছেন। আজকের দিনে আমরা যদি শিক্ষকদের যথাযথ স্বীকৃতি, সম্মান ও সহায়তা দিতে পারি, তবে তাঁরা আরও শক্তি ও অনুপ্রেরণা নিয়ে নতুন প্রজন্মকে গড়ে তুলতে সক্ষম হবে। বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশেও শিক্ষকেরা প্রায়ই শ্রেণিকক্ষে একা পাঠদান করেন, অথচ তাঁদের পেশাগত উন্নয়ন, মানসিক সুস্থতা কিংবা আধুনিক পাঠদানের জন্য সহযোগিতামূলক কাঠামো এখনো এদেশে সীমিত। এই একাকিত্ব শিক্ষার মানকে ব্যাহত করে এবং পেশায় টিকে থাকার আগ্রহকেও কমিয়ে দেয়। তাই ২০২৫ সালের লক্ষ্য হলো শিক্ষকতাকে এমন এক পেশা হিসেবে রূপান্তর করা হোক যেখানে পারস্পরিক সমর্থন, জ্ঞান বিনিময় ও সম্মিলিত দায়িত্ববোধকে অগ্রাধিকার দেওয়া হয়।
র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমী সুপারভাইজার প্রহ্লাদ বিশ্বাস, ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার হোসেন, ভাঙ্গা মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক দিলীপ দাস, ভাঙ্গা সরকারি কেএম কলেজের প্রভাষক মিজানুর রহমান, আব্দুর রশিদ মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন, শরিফাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন, দেওরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাভলু মিয়া, সদরদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মোস্তফা, পুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাচ্চু মাতুব্বর, কালামৃধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাওন হাওলাদার, হামিরদি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন প্রমুখ।
- Home
- জেলা সংবাদ
- ভাঙ্গা
- ভাঙ্গায় বিশ্ব শিক্ষক দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

