ভাঙ্গায় বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের আরোহী সাংবাদিক নিহত


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-১৩/০৯/২০২৬

ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গায় বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী সাংবাদিক কাজী আশরাফ (৪৫) নিহত হয়েছে। এসময় তার সাথে থাকা অপর আরোহী মাহামুদুল হাসান অনিক আহত হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।
নিহত কাজী আশরাফ নড়াইলের লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামের কাজী শামসুর রহমানের ছেলে। তিনি এশিয়ান টেলিভিশনের লোহাগড়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
তার মেয়ে জামাই সনি চৌধুরী জানান, রবিবার সকালে আমার শশুর কাজী আশরাফ ও মাহামুদুল হাসান অনিক ব্যক্তিগত কাজে লোহাগড়া থেকে মোটরসাইকেল যোগে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন।
প্রতিমধ্যে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ এলাকায় পৌছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর পড়ে যায়। সেসময় খুলনাগামী দোলা পরিবহনের একটি বাস তাদেরকে পিষ্ট করে চলে গেলে তারা দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কাজী আশরাফের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১ টার দিকে তিনি মারা যান।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক সোহেল রানা জানান, সকালে খুলনা-ঢাকা মহাসড়কের মনসুরাবাদ এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুইজন আহত হন। পরে তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনের অবস্থা গুরুতর হলে তাকে ঢাকা মেডিকেলে নেওয়ার পর তিনি মারা গিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।