ভাঙ্গায় পৈত্রিক সম্পত্তি রক্ষায় সংবাদ সম্মেলন


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-১০/০৩/২০২৫
ফরিদপুরের ভাঙ্গায় সোমবার দুপুরে পৈত্রিক সম্পত্তি রক্ষায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। ভাঙ্গা পৌরসভার ৪ নং ওয়ার্ডের ০২ নং বাসার মালিক বেলায়েত হাওলাদারের পরিবারবর্গ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। এসময় লিখিত বক্তব্য পাঠ করে বেলায়েত হাওলাদার বলেন, আমার পিতা হারুন অর রশিদ হাওলাদার বিগত ১৯৭৯ সালের ক্রয়কৃত সম্পত্তির উপর আমরা কয়েক ভাই মিলে বহুতল ভবন নির্মাণ করে বসবাস করছি। সম্প্রতি ৪র্থ তলার কাজ এখনও চলমান। আমাদের দুর সম্পর্কের আত্মীয় তারেক আহমেদ লিংকন যিনি আওয়ামী লীগের দোসর ও বিভিন্ন জনের জমি দখলদার হিসাবে ভাঙ্গায় ব্যাপক সমালোচিত। সে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ও বিভিন্ন জনের মাধ্যমে আমাদের ভবন দখল করার পাঁয়তারা করছে। সে সম্প্রতি ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সজিব মাতুব্বরকে আমাদের প্রশ্রয়দাতা হিসেবে অপপ্রচার চালাচ্ছে। আমাদের পরিবারবর্গের কেহই সক্রিয় কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয়। দেশের প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে এই তারেক আহমেদ লিংকন আমাদের অহেতুক সামাজিক ও মানসিক নির্যাতন করছে। আমাদের পরিবারবর্গের কেহই ওর ভয়ে ঠিক মত চলাফেরা করতে পারে না। আমি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে যথাযথ আইনি প্রয়োগকারী সংস্থার দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।
এব্যাপারে তারেক আহমেদ লিংকনের সাথে বিভিন্ন উপায়ে যোগাযোগ করতে না পারায় তার বক্তব্য নেওয়া যায়নি।