
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা( ফরিদপুর ) সংবাদদাতা -১১/০৩/২০২৫
ফরিদপুরের ভাঙ্গায় গৃহবধুকে গণধর্ষণ মামলার আসামি নূরে ইসলাম (৪০) কে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। সোমবার (১০ মার্চ) রাতে ঢাকা জেলার নবাবগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে তাকে ফরিদপুর জেল হাজতে পাঠানো হয়েছে। ভাঙ্গা থানার পরিদর্শক ( তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক জানান, গত ৩০ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে এক গৃহবধূ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গ্রামের বাড়ি থেকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামে আত্মীয় বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে রওনা দেয়। ওই গৃহবধূ ভাঙ্গার আড়ুয়াকান্দি স্টান্ডে সন্ধ্যার দিকে নামলে ৪-৫ জন বখাটে যুবক তাকে জোরপূর্বক ধরে নিয়ে পার্শ্ববর্তী সরিষা ক্ষেতে নিয়ে গণধর্ষণ করে । পরে ওই গৃহবধু ভাঙ্গা থানায় গণধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন । ভাঙ্গা থানা পুলিশ ঐ দিনই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামের সাইদুল মাতুব্বরকে গ্রেফতার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামের ফরিদ মাতুব্বর, সাদ্দাম মাতুব্বর এবং নগরকান্দা উপজেলার ঝাটুরদিয়া গ্রামের নাসির খানকে গ্রেফতার করে । ওই সময় আসামি নুরে ইসলাম পালিয়ে গিয়ে আত্মগোপনে ছিল। সোমবার রাত সাড়ে নয়টার দিকে ভাঙ্গা থানার পুলিশ ঢাকা জেলার নবাবগঞ্জ এলাকা থেকে অভিযান চালিয়ে আসামি নুরে ইসলামকে আটক করে।

