
মোঃ রমজান সিকদার
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা,
ফরিদপুরের ভাঙ্গায় নিখোঁজের ৩ দিন পর পিয়াস শেখ (১৮) নামক এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। সে ভাঙ্গা পৌরসভার চন্ডিদাসদি গ্ৰামের ফেরদাউস শেখের পুত্র। রবিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ভাঙ্গা থানা পুলিশ ভাঙ্গা পৌরসভার ৩ নং ওয়ার্ডের চন্ডিদাসদি গ্ৰামের আকরাম শেখের পরিত্যক্ত একটি টিনের ঘর থেকে তার লাশ উদ্ধার করে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করে পুলিশ।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে পিয়াস শেখ বাড়ি থেকে বের হয়। এরপর আর সে বাড়িতে ফেরেনি। গত রবিবার রাতে আকরাম শেখের পরিত্যক্ত টিনের ঘর থেকে দুর্গন্ধ বের হচ্ছিলো। এরপর বাড়ির লোকজন ঐ ঘরের মধ্যে লাশ দেখতে পেয়ে ভাঙ্গা থানায় খবর দেয়। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ রাত দেড়টার দিকে তার লাশ উদ্ধার করে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন বলেন, এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে ও তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

