ভাঙ্গায় আপন ভাগ্নেদের লাঠির আঘাতে মামার মৃত্যু


মোঃ রমজান সিকদার
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা,
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসভার নওপাড়া গ্ৰামে আপন ভাগ্নেদের লাঠির আঘাতে মামা আফসার শেখের(৫০) মৃত্যু হয়েছে। নিহত আফসার শেখ ওই গ্ৰামের মৃত ইমদাদুল শেখের ছেলে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে দশটার দিকে। ভাঙ্গা থানা পুলিশ বুধবার (১৭সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের লাশ উদ্ধার করে।
এলাকাবাসী ও পরিবারের সূত্রে জানা যায়, গত শনিবার (১৪ সেপ্টেম্বর)  দুপুর ২ টার দিকে আফসার শেখের ভাতিজার ছেলে সুমন শেখ (২২) বাড়ির পাশের বিলে গোসল করতে গেলে  আফসার শেখের ভাগ্নে নজরুল কাজীর ছেলে আবীর কাজী (২২) এর সাথে  তর্কবিতর্ক হয়।পরবর্তীতে ওই দিন বিকালে সুমন ও আবীরের মধ্যে মারামারির ঘটনাও ঘটে। সুমন শেখ বাড়ি এসে তার  দাদা আফসার শেখকে জানায় নজরুল কাজীর ছেলে আবীর কাজী তাকে মারধোর করেছে ।  আফসার শেখ তার ভগ্নিপতি ( নজরুল কাজীর পিতা) বিল্লাল কাজীর নিকট  সুমনকে মারধরের বিষয়টি জানতে চান ও প্রতিবাদ করেন। এ নিয়ে আফসার শেখের আপন ভাগ্নেদের সাথে নতুন করে বিরোধ তৈরি হয়। মঙ্গলবার  (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টা টার দিকে আফসার শেখকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় প্রতিবেশি ও তার আপন  বোনের  বড় ছেলে নজরুল কাজী। সে বাড়ির সামনে গ্রামীণ সড়কের উপর মারামারি শুরু হয়। চিৎকার ও শোরগোল শুনে পরিবার ও আশপাশের লোকজন এগিয়ে আসে। এসময় লাঠি দিয়ে আফসার শেখকে তার ভাগ্নে নজরুল কাজী (৫০), তার (নজরুল কাজী) ভাই জহির কাজী (৪২), তার ছেলে আবীর কাজী (২২), নজরুল কাজীর জামাই ( মেয়ের স্বামী)  ইয়ান ফকির (২৩) ও তার বাবা হাসেন ফকির আঘাত করতে দেখে। স্থানীয় জনতা ও পরিবারের সদস্যদরা গুরুতর আহত অবস্থায় তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ১১ টার দিকে  মৃত ঘোষণা করেন।
আফসার শেখের স্ত্রী সেতু আক্তার (৪৪) বলেন, আমার স্বামীর হত্যাকারীদের ফাঁসি চাই।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে আফসার শেখকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয় । চিকিৎসা শুরুর আগেই সে মারা যায়। আফসার শেখের বাম চোখের পাশে কেটে যাওয়ার চিহ্ন রয়েছে।
এ বিষয়ে ভাঙ্গা থানার উপ পরিদর্শক মো.  রিফাত বলেন, আফসার শেখের লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ভাগ্নেদের সাথে আগে থেকেই আফসার শেখের জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে। আফসার শেখের পরিবারের অভিযোগ তাকে তার ভাগ্নেরা ও ভাগ্নের আত্মীয়রা পিটিয়ে হত্যা করেছে। এ ব্যাপারে আফসার শেখের পরিবারের পক্ষ থেকে ভাঙ্গা থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।