ভাঙ্গায় নাতনিকে শ্লীলতাহানির অভিযোগে পুলিশের হাতে আটক দাদার কারাগারে মৃত্যু


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-১২/১১/২০২৫

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পুর্ব সদরদী গ্রামে নাতনিকে শ্লীলতাহানির অভিযোগে পুলিশের হাতে আটক দাদা শাফি শিকদার (৭৫) কারাগারে মারা গেছেন। বুধবার (১২ নভেম্বর) বিকেলে শাফি কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ফরিদপুরের জেলা কারাগারের সুপার মোঃ নজরুল ইসলাম বলেন, আসামি শাফি সিকদার গত ২ নভেম্বর নারী শিশু নির্যাতন মামলায় কারাগারে আসেন। তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। আজ বিকেলে শ্বাসকষ্ট সমস্যা শুরু হলে সে অসুস্থ হয়ে পড়ে । উর্দ্ধতন কতৃপক্ষর নির্দেশে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আইনি প্রক্রিয়া শেষ করে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 
শাফি শিকদার ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের রজব আলী শিকদারের ছেলে। 
উল্লেখ্য শিশুটির পরিবারের অভিযোগ গত শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১০ টার দিকে শিশু মেয়েটিকে ১০ টাকার লোভ দেখিয়ে ফুসলিয়ে শিশুটির চাচাতো দাদা শাফি শিকদার নিজের একতলা ভবনের ভেতরে ডেকে নিয়ে যায়। এ সময় শাফি শিকদারের বাড়িতে কেউ ছিলো না। এরপর শাফি শিকদার  শিশুটিকে  ধর্ষণ চেষ্টা করলে সে চিৎকার দেয়। তখন প্রতিবেশি কয়েক নারী ওই ঘরে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন। এরপর বিষয়টি জানাজানি হয়। 
এই ঘটনায় শনিবার (১ নভেম্বর) দুপুরে শিশুটির বাবা ভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিলে ওই দিন সন্ধ্যায় শাফিকে গ্রেফতার করে পুলিশ।