ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে প্রবাসীর স্ত্রীর মৃত্যু


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা,

ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে মিলি বেগম (৩৫) নামে এক প্রবাসীর স্ত্রীর মৃত্যু হয়েছে। নিহত মিলি বেগম ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বালিয়া গ্রামের সৌদি প্রবাসী আনোয়ার কাজীর স্ত্রী।
মিলি বেগমের পরিবার ও স্থানীয় গ্রাম পুলিশ রোজিনা বেগম জানান, মিলি বেগমের মেয়ে আশিকা (১৪) ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। কয়েকদিন আগে আশিকা এক যুবকের সঙ্গে পালিয়ে যায়। পরে তাকে ভাঙ্গা থানা পুলিশের সহায়তায় ফিরিয়ে আনেন তার মা মিলি বেগম।
গতকাল সোমবার (৩ নভেম্বর) মেয়েকে কোচিং করাতে ভাঙ্গা পৌর সদরে নিয়ে যান তিনি। সেখান থেকে পুনরায় মাকে ফাঁকি দিয়ে মেয়েটি পালিয়ে যায়। এরপর থেকেই মিলি বেগম মানসিকভাবে ভেঙে পড়েন এবং আর বাড়িতে ফেরেননি। আজ সকালে খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান মিলি বেগম।
ভাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোঃ শওকত হোসেন জানান, মঙ্গলবার সকাল সোয়া আটটার দিকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বালিয়া নামক স্থানে খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেসে কাটা পড়ে মিলি আক্তার নামে ঐ গৃহবধূর মৃত্যু হয়েছে। রেলওয়ে পুলিশ তার ছিন্নভিন্ন মরদেহটি উদ্ধার করেছে ‌‌। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।