ভাঙ্গায় গভীর রাতে ট্রাক ভর্তি সার পাচারকালে আ’লীগ সভাপতি আটক


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-২৯/১০/২০২৬

ফরিদপুরের ভাঙ্গায় বুধবার (২৮ অক্টোবর ) দিবাগত গভীর রাতে মালিগ্ৰাম বাসস্ট্যান্ডে ট্রাক ভর্তি সার পাচারকালে চান্দ্রা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও ৭ নং ওয়ার্ডের সভাপতি একেএম ইলিয়াস হাওলাদার (৫৫) জনতার হাতে আটক হয়।
খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা কৃষি কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে ২৫০ বস্তা ডিএফপি সার ভর্তি ট্রাক আটক করে থানায় নিয়ে আসে।
আটককৃত সারের ডিলার একেএম ইলিয়াস হাওলাদার উপজেলার চান্দ্রা ইউনিয়নের সমেদ হাওলাদারের ছেলে। তিনি মেসার্স হাওলাদার ট্রেডার্সের (মালিগ্রাম বাজার) স্বত্বাধিকারী এবং চান্দ্রা ইউনিয়নের বিসিআইসি ও বিএডিসি অনুমোদিত সারের ডিলার।
জানা গেছে , সম্প্রতি সারের নতুন ডিলার নিয়োগ হলেও একেএম ইলিয়াস হাওলাদার আওয়ামী লীগের সময় নিয়োগ প্রাপ্ত। বুধবার দিবাগত গভীর রাতে সে তার দোকানের ২৫০ বস্তা সার ট্রাকে বোঝাই করে পাশ্ববর্তী শিবচর উপজেলায় পাচারের চেষ্টা করছিল। স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে ৯৯৯ কল দেয়।
খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফুল্লাহ ও উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন ও ভাঙ্গা থানার উপ-পরিদর্শক ইকবাল হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়। প্রশাসন ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে সার বোঝাই ট্রাকটি সারের ডিলার একেএম ইলিয়াস হাওলাদার এবং ট্রাকের হেল্পারকে আটক করে ভাঙ্গা থানায় নিয়ে যান।
এ বিষয়ে ভাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ২৫০ বস্তা সার বোঝাই একটি ট্রাক ও সারের ডিলারকে আটক করা হয়। এ ঘটনায় সারের ডিলারের বিরুদ্ধে মামলা ও তার ডিলার বাতিল করা সহ আইনানুগ ব্যাবস্থা গ্ৰহন করা হবে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আটককৃতরা ও জব্দকৃত সার ভর্তি ট্রাক থানা হেফাজতে রয়েছে। এ বিষয়ে উধ্বর্তন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিষয়টি নিয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, সার পাচার হচ্ছে এমন সংবাদ পেয়ে আমি এসিল্যান্ড ও কৃষি কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠাই এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেই।