
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা প্রতিনিধি-০১/১১/২০২৬
ফরিদপুরের ভাঙ্গায় সরকারি জমি দখল করে অবৈধভাবে দোকানঘর নির্মাণের চেষ্টা করে কতিপয় প্রভাবশালী মহল। খবর পেয়ে উপজেলা প্রশাসনের অভিযানে নির্মাণাধীন সব কয়টি দোকান ঘর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
রবিবার (০১ নভেম্বর ) উপজেলার মানিকদহ ইউনিয়নের তুলসীঘাটা মৌজায় অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদপূর্বক জমিটি দখলমুক্ত করা হয়।
উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ শরীফুজ্জামান জানান, মানিকদহ ইউনিয়নের ১০ নং তুলসীঘাটা মৌজায় বিএস খাস ০১ নং খতিয়ানভুক্ত ৩৯১ নং দাগ এবং বিএস ০৪ নং খতিয়ানভুক্ত ৩২৯ নং দাগের সরকারি জমিতে স্থানীয় কতিপয় ব্যক্তি অবৈধভাবে ঘর নির্মাণ করে দখল করার অপচেষ্টা চালাচ্ছিল। এর আগে প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্মাণকাজ বন্ধ রাখা এবং সেখানে থাকা নির্মাণসামগ্রীসহ যাবতীয় মালামাল সরিয়ে নেওয়ার জন্য স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছিল।
তবে তারা প্রশাসনের সেই নির্দেশনা অমান্য করে পুনরায় অবৈধ নির্মাণকাজ চালিয়ে যায়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে আজ বিকেলে নির্মাণাধীন অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দিয়ে জমি সরকারের নিয়ন্ত্রণে আনা হয়।
সরকারি সম্পত্তি ও জনস্বার্থ রক্ষায় প্রশাসনের এমন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

