![]()
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা(ফরিদপুর)সংবাদদাতা-১৬/০৮/২০২৬
ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদে ডুবে যাওয়া কৃষক মিঠু খলিফার (৬০) লাশ একদিন পর উদ্ধার হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে আটটার সময় কুমার নদীর মোকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের মনিরকান্দা এলাকার থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে সিন্ধিয়া ঘাট পুলিশ ফাঁড়ি।
কৃষক মিঠু খলিফার বাড়ি ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বিবিরকান্দা গ্রামে। সে মৃত রশিদ খলিফার জ্যেষ্ঠ পুত্র ।
এর আগে শনিবার (১৫ আগস্ট) দুপুর ১টার দিকে বাড়ির পাশে কুমার নদীতে পাটের আঁশ পরিস্কারের সময় পানিতে ডুবে যায় সে ।
খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ও ফরিদপুর জেলা সদর থেকে আসা ডুবুরি দল রাত পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে ব্যর্থ হয়।
এ ব্যাপারে ভাঙ্গা ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আবু জাফর বলেন, শনিবার দুপুরে আমরা ঘটনাস্থলে গিয়ে নদীতে উদ্ধার কার্যক্রম চালাই। পরবর্তীতে ডুবুরি দল এনে দীর্ঘ ছয় ঘণ্টা কুমার নদীর মধ্যে মিঠু খলিফার সন্ধান করি। রাত হয়ে যাওয়ায় ঐদিনের জন্য অভিযান সমাপ্ত করি। জানতে পেরেছি মিঠু খলিফার ভাসমান মরদেহ পুলিশ রোববার সকালে উদ্ধার করেছে।
মিঠু খলিফার পরিবারের পক্ষ থেকে জানানো হয় পুলিশের আইনি কার্যক্রম শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে।

