ভাঙ্গায় এক বাসের ধাক্কায় অন্য বাস খাদে পড়ে নিহত-২ । আহত-১০


মোঃ রমজান শিকদার
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা, ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী নামক স্থানে বুধবার দুপুরে যাত্রীবাহী এক বাসের ধাক্কায় অপর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই শামসুন্নাহার(৪০) নামের এক মহিলা নিহত হয়। সে বরিশাল জেলার উজিরপুর উপজেলার নজরুল ইসলামের স্ত্রী। এসময় আহত হয় কমপক্ষে ১০ জন। স্থানীয় জনতা, ফায়ার সার্ভিসের কর্মী ও হাইওয়ে পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে নিহতদের লাশ ও আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাবেয়া(১০) নামের এক শিশুকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। রাবেয়া পটুয়াখালী জেলার কলাপাড়া থানার হানিফ গাজীর মেয়ে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকিবুজ্জামান জানান, ঢাকা থেকে বরিশালগামী ইউরো লাইন ও শ্যামলী পরিবহনের বাস দুটি একে অপরকে ওভারটেকিং করার সময় শ্যামলী পরিবহনের ধাক্কায় ইউরো লাইন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পানি ভর্তি খাদে উল্টে যায়। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাই। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। একইসাথে শ্যামলী পরিবহন বাসটিকে আটক করা হয়েছে। দুর্ঘটনাস্থলে এক নারী ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশু মারা গেছেন। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।