দেশে তৈরি কিট ব্যবহার বন্ধে গণস্বাস্থ্য কেন্দ্রকে ঔষধ প্রশাসনের চিঠি

ভাঙ্গার আলো, ডেস্ক: বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি) অনুমোদন দেয়ায় আজ মঙ্গলবার (২৬ মে) থেকে গণস্বাস্থ্য কেন্দ্রের অভ্যন্তরীণ গবেষণা কাজের (ইন্টারনাল ক্লিনিক্যাল ট্রায়াল) অংশ হিসেবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত করোনার লক্ষণ আছে এমন ৫০ জন রোগীর নমুনা সংগ্রহ করার কথা ছিল।

তবে রেজিস্ট্রেশনের আগ পর্যন্ত র‍্যাপিড টেস্ট কিট ব্যবহার না করতে গণস্বাস্থ্যকে চিঠি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। গতকাল সোমবার (২৫ মে) ঔষধ প্রশাসন চিঠির প্রেক্ষিতে আজকের কার্যকারিতা পরীক্ষা স্থগিত করেছে গণস্বাস্থ্য কেন্দ্র।

ঔষধ প্রশাসন অধিপদপ্তরের চিঠিতে বলা হয়েছে, গণস্বাস্থ্যের র‍্যাপিড ডট ব্লট টেস্ট কিটটির কার্যকারিতা পরীক্ষা চলমান আছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। এই পরীক্ষা প্রতিবেদনের ওপরই অনুমোদন নির্ভর করছে। এর আগ পর্যন্ত কিটটি ব্যবহার, সরবরাহ ও বাজারজাত না করতে গণস্বাস্থ্যকে অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।

এ বিষয়ে গণস্বাস্থ্য কেন্দ্র এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইন্টারনাল ভ্যালিডেশনের উদ্দেশ্যে ২৬ মে আমরা ৫০টি ‘জিআর কোভিড-১৯ র‌্যাপিড ডট ব্লট কিট’ পরীক্ষা করার প্রস্তুতি নিয়েছিলাম। ঔষধ প্রশাসন অধিদফতরের তরফ থেকে ২৫ মে চিঠি দিয়ে এ কার্যক্রম বন্ধ করার জন্য বলা হয়েছে। ঔষধ প্রশাসন মারফত অনুরোধের পরিপ্রেক্ষিতে ইন্টারনাল ভ্যালিডেশন স্থগিত ঘোষণা করা হয়েছে। দেশের বর্তমান জরুরি অবস্থা বিবেচনায় বিভিন্ন ওষুধ যেমন, রেমডেসিভিরের মতো ‘জরুরি ব্যবহার অনুমোদন’র আওতায় ‘ইন ভিট্রো ডায়াগনস্টিক কিট’ হিসাবে আমাদের এ কিটের অস্থায়ী অনুমোদনের আবেদন করছি। এতে করে আমরা বিবিধ প্রস্তুতি প্রক্রিয়া বিশ্বব্যাপী এই লকডাউন অবস্থায় এগিয়ে রাখতে পারি, যেন অনুমোদন পেলে অবিলম্বে কিট প্রস্তুত শুরু করতে পারি। এদিকে নিজের কিট দিয়ে করোনা পজেটিভ হয়েছেন কেন্দ্রের ট্রাস্টি ও প্রতিষ্ঠাতা ডা. জাফরউল্লাহ।