জুলাই সনদ বিএনপি সরকারই বাস্তবায়ন করবে। স্যালুট জানাই জুলাই যোদ্ধাদের – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-১৬/০৩/২০২৬

বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ বলেছেন, জুলাই সনদ বিএনপি সরকারই বাস্তবায়ন করবে। আমি স্যালুট জানাই জুলাই যোদ্ধাদের। আমি জুলাই যোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করি, এই জুলাই যুদ্ধে যাঁরা আমাদের ছেড়ে চলে গেছেন শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি।
সোমবার (১৬ মার্চ) দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি এসময় আরো বলেন, বাংলাদেশের জনগণের আশা আকাঙ্খার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে বাংলাদেশের জাতীয় সংসদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনের পর ইতিমধ্যে প্রমাণ করেছে তারা যা বলে, তা অক্ষরে অক্ষরে কাজ করে দেখিয়ে দেয়।
আমি বলতে চাই বিএনপির সরকার দলমত নির্বিশেষে এদেশের ১৮ কোটি মানুষের সরকার। ইতোমধ্যে ইমাম, মুয়াজ্জিন, পুরোহিতসহ সকল ধর্মগুরুদের ভাতা দেওয়া শুরু হয়েছে। ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হয়েছে।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। তিনি বলেন, স্থানীয় সকল মানুষ, ছাত্র, যুবক, স্বেচ্ছাসেবক সকলের প্রতি অনুরোধ অতীতে যেভাবে মানুষ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে খাল খনন কর্মসূচিতে অংশগ্রহণ করতো এখনও আমরা সকলে মিলে খালগুলোকে বাঁচিয়ে রাখতে কাজ করবো। খাল খনন করে বাংলাদেশের প্রাণ- প্রকৃতি, কৃষি বাঁচিয়ে রাখতে এই কর্মসূচীতে সকলেই অংশগ্রহণ করবো।
ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর পুলিশ সুপার নজরুল ইসলাম, ফরিদপুর জেলা বিএনপির সভাপতি সৈয়দ মোদারেস আলী ইছা, ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী মোল্লা।
ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাদরুল আলমের সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল্লাহ আবু – জাহের।
সভা শেষে ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের বলেরবাগ থেকে সোনাখোলা পর্যন্ত ৮ কিলোমিটার খাল খননের উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।