ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় বুধবার সকালে আওয়ামীলীগের দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে।
ঘন্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের ভাঙ্গা ও মুনসুরাবাদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুত্বর আহতরা হলো চাতক ফকির, হান্নান মাতুব্বর, ওসমান মিয়া, তুহিন মাতুব্বর, পরীরানী মালো। সংঘর্ষ চলাকালে মুনসুরাবাদ বাজারের বেশ কয়েকটি দোকানঘর ভাংচুর করা হয়। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মহাসড়ক সহ বাজারের গুরুত্বপুর্ন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।
জানা গেছে, আওয়ামীলীগের হামিরদী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সম্মেলন চলছিল ইউনিয়ন পরিষদ চত্বরে। সম্মেলন শুরুর আগ মুহুর্তে ধনি মেম্বার ও বাবর আলী মেম্বারের লোকজনের সাথে আজিম ও হান্নান মাতুব্বরের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়।
বিষয়টি উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান মিরন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা মীমাংসার চেষ্টা চালায়। এক পর্যায়ে বিষয়টি আশপাশের ৫টি গ্রামে ছড়িয়ে পড়লে উক্ত গ্রামের লোকজন দেশীয় অস্ত্র ঢাল, সরকি, রামদা, ইট-পাটকেল নিয়ে মুনসুরাবাদ বিশ্বরোড ও বাজারের দুই পাশে অবস্থান নেয়। ঘন্টাব্যাপি এক পক্ষ অন্য পক্ষের লোকদের উপরে হামলা চালাতে থাকে।
খবর পেয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা মুকতাদিরুল আহম্মেদ ও ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনার পর আওয়ামীলীগের সম্মেলন স্থগিত ঘোষনা করা হয়।

