ভাঙ্গায় সন্তান আইপিএল জুয়ায় ২৭ লাখ টাকা দেনা। দেনাদারদের চাপে মায়ের আত্মহত্যা


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-২৮/০১/২০২৫

ফরিদপুরের ভাঙ্গায় সন্তান অনিল পালের আইপিএল জুয়া খেলায় হেরে ২৭ লাখ টাকা দেনা হয় । দেনাদারদের চাপে ও দেনার ব্যাপারে সন্তানের সাথে বাকবিতন্ডা করে বিষপানে আত্মহত্যা করেছেন মা দিপালী রানী পাল (৫৫)। দিপালী রানী জেলেপাড়ার নিরঞ্জন মালোর স্ত্রী। সোমবার রাতে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার জেলেপাড়ায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ভাঙ্গা বাজারের স্বর্ণ ব্যবসায়ী সন্তান অনিল মালো আইপিএল জুয়া খেলে ২৭ লাখ টাকা দেনা হয়ে পড়ে। পাওনাদারদের চাপে অনিল ব্যবসা বন্ধ করে বাড়ি চলে আসে। তবে পাওনাদাররা বাড়িতে গিয়ে টাকা আদায়ের জন্য নানাভাবে চাপ দিয়ে আসছিলেন। এ অবস্থায় মা দিপালী সহ্য করতে না পেরে সোমবার বিষপান করেন। এরপর অসুস্থ হয়ে পড়লে বাড়ির লোকজন দিপালীকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই দিপালী রানীর মৃত্যু হয়।
মৃত্যুর সংবাদ ভাঙ্গার ২৭ লাখ টাকা পাওনাদারের মাঝে ছড়িয়ে পড়লে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করে।
এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোকছেদুর রহমান জানান, বিষ খেয়ে দিপালী রানী পাল নামের এক নারী আত্মহত্যা করেছে। তার মরদেহট বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। আজ ওই গ্রামে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আজ মঙ্গলবার রাতের মধ্যেই হয়তোবা পরিবারের কাছে লাশ হস্তান্তর হতে পারে।
বিষয়টি নিয়ে এলাকায় শোকের মাতমের পাশাপাশি আইপিএল জুয়া খেলার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছে।