ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা বরিশাল মহাসড়কের মাধবপুর গোরস্থানের নিকট সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত এবং আট জন আহত হয়েছে। ২৫ মার্চ’২০২১ রোজ বৃহ:স্পতিবার রাত ১ টায় এই দূর্ঘটনাটি ঘটে।
সরেজমিনে গিয়ে জানা যায়, যশোর জেলার বেনাপোল থেকে ২৪ মার্চ’২০২১ বুধবার সন্ধ্যা সাত টায় বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা জিএম পরিবহনের একটি বাস (নাটোর ব-১১-০০০৫) স্থানীয় মাধবপুর গোরস্থানের নিকটে এলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে প্রচন্ডবেগে আচড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত এবং আট জন মারাত্নক আহত হয়। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং তিন জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকী আহত তিন জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে হতাহতদের উদ্ধার করে চিকিৎসার সু-ব্যবস্থা করেন।
হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো: ওমর ফারুক জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে উপস্থিত হই। দূর্ঘটনায় দুই জনের লাশের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে জানতে পেরেছি যে, নিহতদের মধ্যে গাড়ীর হেলপার ও সুপার ভাইজার রয়েছে। গাড়ীটিকে আটক করে হাইওয়ে থানায় নেয়া হয়েছে। পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহনের জন্য বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
দূর্ঘটনায় মারাত্বক আহত যাত্রী রাজিব হোসেন জানান, গাড়ীটি ৪০ মিনিট আগে ফরিদপুর বাসষ্ট্যান্ডের হোটেল সুপারের সামনে রাতের খাবারের জন্য বিরতি দেয়। আমরা খাবার খেয়ে গাড়ীতে উঠি। এসময় গাড়ীর ড্রাইভার বিশ্রামে যায় এবং হেলপারকে দিয়ে গাড়ী চালায়। গাড়ীটি ফরিদপুর শহর পার হয়েই দ্রুতগতিতে চালাতে থাকে। আমরা কয়েকবার গাড়ীটি আস্তে চালাতে বললেও তা কর্ণপাত করা হয়নি। বরংচ সুপার ভাইজার আমাদেরকে উল্টো ধমক দিয়ে চুপ থাকতে বলে। এরপর ঘটনাস্থলে এলে গাড়ীটি দূর্ঘটনায় কবলে পড়ে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত দুইজনের লাশ ভাঙ্গা থানা হেফাজতে নেয়া হয়।

