ভাঙ্গায় পুকুরে বিষ প্রয়োগে লাখ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ


মোঃ রমজান সিকদার
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি-০৬/০৫/২০২৬

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের উত্তর আকনবাড়িয়া গ্রামে পুকুরে বিষ প্রয়োগ করে লাখ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। এতে ৩০/৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত মাছ চাষী।
এলাকাবাসী সূত্রে জানা যায়,আকনবাড়িয়া গ্রামের বাসিন্দা  মাছচাষী আনোয়ার মাতুব্বর প্রায় সাড়ে তিন বিঘা জমির ওপর খনন করা পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন। পুকুরের সব মাছ বুধবার  (৬ মে) সকালে মরে ভেসে ওঠে।

মাছ চাষী আনোয়ার মাতুব্বর (৫১) বলেন, মঙ্গলবার (৫ মে) দিবাগত গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা আমার পুকুরে বিষ ঢেলে দেয়। বুধবার সকালে পুকুরে গিয়ে  দেখতে পাই হাজার হাজার  বিভিন্ন ধরনের  মাছ মরে পানির ওপর ভেসে উঠেছে। মুহূর্তেই আমার স্বপ্নের খামার ধ্বংসস্তূপে পরিণত হয়।

ক্ষতিগ্রস্ত মাছ চাষী আনোয়ার মাতুব্বর আরও বলেন, ‘দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা আমার খামার এক রাতেই শেষ হয়ে গেল। এখন আমি নিঃস্ব হওয়ার পথে। আমার প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ‘আমার সংসার চলত মাছ বিক্রির টাকায়। বিষয়টি ভাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা ও ভাঙ্গা থানাকে জানানো  হয়েছে। তিনি দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ভাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা  মো. মেহেদী হাসান বলেন, ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী আনোয়ার মাতুব্বর আমার কাছে এসেছিলেন। আমি তাকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দিয়েছি।

নুরুল্লাগঞ্জ  ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও উত্তর আকনবাড়িয়া গ্রামের বাসিন্দা মো. মাসুদ মাতুব্বর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আনোয়ার মাতুব্বরের মাছের খামারটি বেশ বড়। বুধবার সকালে পুকুরের সব মাছ মরে ভেসে ওঠেছে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি। মাছচাষীকে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত  করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।