সৌদি আরবে মোটরসাইকেল দুর্ঘটনায় ভাঙ্গার যুবক নিহত


মোঃ রমজান সিকদার
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা,

সৌদি আরবের সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ফরিদপুরের ভাঙ্গার এক প্রবাসী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় শাওন মির্জার মৃত্যু হয়।

নিহত প্রবাসীর বাড়ি ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ডের নওপাড়া গ্রামে। সে সাবেক পুলিশ সদস্য মরহুম জাহিদ মির্জার একমাত্র ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন ভাঙ্গা পৌরসভার ২ নং ওয়ার্ডের সাবেক কমিশনার ও এ্যাডভোকেট জহুরুল হক মিঠুন জানান,গত এক বছর আগে সৌদিতে পাড়ি জমান শাওন মির্জা। আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তার দেশে ফেরার কথা ছিল। তাঁর বাবা প্রায় ১০ বছর আগে মারা যায়। তিন বোন এক ভাই ও বৃদ্ধ মাকে নিয়েই তার সংসার। তার পরিবারে একমাত্র আয়ের উপার্জনক্ষম ব্যাক্তি ছিলো শাওন। শাওন একটা কোম্পানির অধীনে কাজ করতো। গত মঙ্গলবার সে বাইক চালিয়ে খাবার দিতে যাচ্ছিলো। ফেরার পথে সড়কে ইউ টার্ন নিতে গিয়ে বাইকের কন্ট্রোল হারিয়ে ফেলে খেজুর গাছের সঙ্গে ধাক্কা খায়, পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। পরিবারের লোকজন ও স্থানীয়দের দাবি, শাওন মির্জার লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।