ভাঙ্গায় এক্সপ্রেসের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেত্রীর


মোঃ রমজান সিকদার
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা,
ভাঙ্গা-ঢাকা হাইওয়ে এক্সপ্রেসের গাবতলী নামক স্থান থেকে বুধবার সকালে অজ্ঞাত পরিচয়ে উদ্ধারকৃত নারী লাশের পরিচয় মিলেছে। তার নাম হাসিনা পারভীন মিনু। তার পিতার নাম মহিউদ্দিন আহমেদ ও মাতা হোসনে আরা বেগম। ঢাকার শাজাহানপুর এলাকার শান্তিবাগ বাজারের পাশে তার বাসা। সে একজন আওয়ামী লীগের নেত্রী।
থানার উপপরিদর্শক মোশারফ হোসেন জানান, গত বুধবার(১৮ ফেব্রুয়ারি) সকালে হাইওয়ে এক্সপ্রেসের পাশ থেকে অজ্ঞাত নারীর (৪৫) মরদেহটি উদ্ধার করে ভাঙ্গা থানা পুলিশ। ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের সার্ভিস লেনের গাবতলী নামক স্থান থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্ত ও পরিচয় শনাক্তর জন্য মর্গে পাঠানো হয়। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) লাশটি পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার পরিবারের সাথে কথা বলে জানা গেছে সে আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত ছিল। গত মঙ্গলবার সে বাসা থেকে বের হয়। তারপর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। লাশ উদ্ধারের খবর মিডিয়ায় দেখে পরিবারের লোকজন থানায় যোগাযোগ করে। লাশ শনাক্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে পুলিশ কাজ করছে। দ্রুত সময়ের মধ্যেই এর রহস্য উন্মোচন হবে।