
মোঃ রমজান সিকদার
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা,
ফরিদপুরের ভাঙ্গায় পরীক্ষায় ফেল করায় বিষপানে অপরূপা মন্ডল (১৬) নামক এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে ভাঙ্গা উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের ভদ্রকান্দা গ্রামের বাবলু মন্ডল এর কন্যা এবং আব্দুল্লাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয় নবম শ্রেণির ছাত্রী।
জানা যায়, অপরূপা ২০২৫ সালের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষায় একাধিক বিষয়ে ফেল করে । পড়াশোনা ঠিকভাবে না করায় তার মা-বাবার সঙ্গে প্রায়ই তার তার মনোমালিন্য হয়। বুধবার ( ১৮ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে মা- বাবার সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সে ঘরে থাকা রাসায়নিক সার ও কীটনাশক পান করে ঘরের সিঁড়ির উপর লুটিয়ে পড়ে।
পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে সদরপুর থেকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর খান জানান, আমার এলাকায় অপরূপা মন্ডল নামে একটি মেয়ে জমিতে ব্যবহারের সার খেয়ে আত্মহত্যা করেছে বলে শুনেছি। তার বাবা কাঠমিস্ত্রির কাজ করেন। তার দুই পুত্র ও এক কন্যা রয়েছে।
এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম জানান, বিষয়টি আমরা জেনেছি, পরিবারের কোন অভিযোগ এখন পর্যন্ত পাইনি।
- Home
- জেলা সংবাদ
- ভাঙ্গা
- ভাঙ্গায় পরীক্ষায় ফেল করায় বিষপানে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

