মেয়াদউত্তীর্ণ ভাঙ্গা বাজার বণিক সমিতির নির্বাচনের দাবি

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ মেয়াদ উত্তীর্ণ ভাঙ্গা বাজার বণিক সমিতির নির্বাচনের দাবি জানিয়েছেন বাজারের সাধারণ ব্যবসায়িরা। এ বিষয়ে ফরিদপুরের জেলা প্রশাসক বরাবর ব্যবসায়িদের পক্ষ থেকে একটি লিখিত আবেদন করা হয়েছে।

বাজারের সাধারণ ব্যবসায়িরা আবেদনে জানান, গত ১১ ফেব্রুয়ারি’২০১২ সালে ভাঙ্গা বাজার বনিক সমিতির সর্বশেষ নির্বাচন হয়েছিল। সমিতির গঠনতন্ত্র অনুযায়ি, কার্যনির্বাহী কমিটির মেয়াদকাল ৩ বছর স্থায়ী হইবে। কিন্তু‘ মেয়াদকাল পার হলেও গত ৪ বছর যাবত নতুন কোন নির্বাচন অনুষ্ঠিত হয়নি। মেয়াদ উত্তীর্ণ কমিটি দিয়ে সমিতির কার্যক্রম পরিচালনা করায় ক্ষুদ্ধ বাজারের সাধারণ ব্যবসায়িরা।

ক্ষুদ্ধ ব্যবসায়িরা জানান, নতুন নির্বাচনের দাবিতে করা আবেদনের অনুলিপি যথাযথ মাধ্যমে ফরিদপুর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ্, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান এবং ভাঙ্গা পৌরসভা মেয়র মহোদয়কে দেয়া হয়েছে।

আবেদনে ভাঙ্গা বাজার বণিক সমিতির মেয়াদ উত্তীর্ণ কমিটির সকল কার্যক্রম স্থগিত করে নতুন নির্বাচনের দাবি করা হয়। এ বিষয়ে সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন সাধারণ ব্যবসায়িরা।

উল্লেখ্য ইতিপূর্বেও বাজারের ব্যবসায়িরা একাধিকবার মেয়াদ উত্তীর্ণ কমিটির কার্যক্রম স্থগিত ও নির্বাচন অনুষ্ঠানের দাবি করলেও যথাযথ কর্তৃপক্ষের টনক নড়েনি।