ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ভাঙ্গা উপজেলায় শিশুসহ আরও ৩ জন করোনায় আক্রান্ত হবার খবর পাওয়া গেছে।
বুধবার তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এ নিয়ে উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা হলো ৬ জন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহসিন উদ্দিন ফকির এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, সোমবার উপজেলার আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রাম থেকে ৫ মাসের একটি শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভাঙ্গা হাসপাতালে ভর্তি হয়। একই দিনে ভাঙ্গা পৌরসভায় বসবাসরত এক দম্পতি স্বামি-স্ত্রী উভয়ই করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে আসেন চিকিৎসা নিতে।
এসময় তাদের ৩ জন করোনায় আক্রান্ত হয়েছে কিনা এমন সন্দেহে নমুনা সংগ্রহ করে ফরিদপুর করোনা পিসিআর ল্যবরোটরিতে পাঠানো হয়। বুধবার শিশুসহ তাদের ৩ জনেরই করোনা পজিটিভ রেজাল্ট আসে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুর রহমান খান বলেন, করোনায় আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পরিবারের সদস্যদের আতঙ্কিত না হয়ে সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

