ভাঙ্গায় ৫ বছর নাতনিকে শ্লীলতাহানির অভিযোগে ৭৫ বছরের দাদাকে আটক


মোঃ রমজান সিকদার
ভাঙ্গা(ফরিদপুর) সংবাদদাতা,
ফরিদপুরের ভাঙ্গায় ৫ বছর বয়সের নাতনিকে শ্লীলতাহানির অভিযোগে ৭৫ বছর বয়সী দাদা শাফি সিকদারকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ। শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে তাকে গ্রেফতার করা হয়। শাফি শিকদার ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের রজব আলী শিকদারের পুত্র । ওই শিশুটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১০ টার দিকে শিশু মেয়েটিকে ১০ টাকার লোভ দেখিয়ে ফুসলিয়ে শিশুটির চাচাত দাদা শাফি শিকদার নিজের ১ তলা ভবনের ভেতরে ডেকে নিয়ে যায়। এ সময় শাফি শিকদারের বাড়িতে কেউ ছিলো না। এরপর শাফি শিকদার  শিশুটিকে  ধর্ষণ চেষ্টা করে। শিশুটির শরীরের স্পর্শকাতর স্থানে দাদা তেল দিলে সে চিৎকার দেয়। এ সময় প্রতিবেশি কয়েক নারী ওই ঘরে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন। এরপর বিষয়টি জানাজানি হয়। স্থানীয় মাতুব্বর গন শাফি শিকদারের শাস্তির আশ্বাস দিয়ে  বিষয়টি মীমাংসার চেষ্টা করে। ঘটনার একদিন পর শনিবার (১ নভেম্বর) দুপুরে শিশুটির বাবা ভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দেয়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, এ ব্যাপারে ভাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা হয়েছে। শিশু মেয়েটির বাবা শনিবার দুপুরে  ভাঙ্গা থানায় একটি  অভিযোগ দেয়।প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায়।  শনিবার সন্ধ্যায় এ মামলার আসামী  শাফি শিকদারকে গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।