
মোঃ রমজান সিকদার
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা -২৪/০৬/২০২৫
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা বিএনপির কর্মী সম্মেলন দীর্ঘ ১০ বছর পর মঙ্গলবার (২৪ শে জুন) অনুষ্ঠিত হয়েছে। বিএনপির কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দিতে গিয়ে কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ আসনের বিএনপির সমর্থিত সংসদ সদস্য প্রার্থী মোঃ শহিদুল ইসলাম খান বাবুল বলেন,
‘ফরিদপুর -৪ ( ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে যারা সত্যিকার অর্থে বিএনপিকে ধারণ করেন, যারা সত্যিকার অর্থে বিএনপির আদর্শ লালন করেন, তাদের জন্য আগামীতে সোনালী স্বপ্ন অপেক্ষা করছে। আপনাদের (বিএনপির নেতাকর্মী) আমি সম্মানীত করবো। শুধু আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। তাহলে আগামীতে ফরিদপুর-৪ আসনকে কেউ আওয়ামী লীগের ঘাঁটি বলতে আর পারবে না।’
তিনি দলের ত্যাগী নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, ‘ ত্যাগী নেতাকর্মীদের মধ্যেও কারো কারো অনেক সমস্যা আছে। শুধু ত্যাগ থাকলেই হবে না। দলের আদর্শকে ধারণ করতে হবে। সততা রাখতে হবে। অন্যায়ের সাথে আপোস করা যাবে না। অবৈধ বাণিজ্যের সাথে নিজেকে জড়ানো যাবে না।
ভাঙ্গা উপজেলা পরিষদ হল রুম বেলা সাড়ে ১১ টায় এ কর্মী সম্মেলন শুরু হয়। সম্মেলনের উদ্বোধন করবেন ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদরেস আলী ইছা। ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলের সভাপতিত্বে ও ফরিদপুর জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার খায়রুল আনামের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফজাল হোসেন খান পলাশ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন।
বিশেষ অতিথির বক্তব্যে ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভাঙ্গার সন্তান অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু বলেন, ‘চাঁদাবাজির ভাঙ্গা, ভুমি দখলে ভাঙ্গা, বালু লুটের ভাঙ্গা এইসব অবৈধ কর্মকান্ডবন্ধ করতে হবে। নেতৃত্বে আসেন সমস্যা নাই, তবে মানুষকে শান্তি দিতে হবে। ‘
সম্মেলনকে কেন্দ্র করে ভাঙ্গা উপজেলার একটি পৌরসভা ও ১২ টি ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা, কর্মী ও সমর্থকরা মিছিল সহকারে সম্মেলন স্থানে আসেন।
ভাঙ্গার বেশ কয়েকজন বিএনপির নেতা ও কর্মী জানান, সর্বশেষ ২০১৫ সালের অক্টোবর মাসে ভাঙ্গা উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিলো। ওই সম্মেলনে সভাপতি হয়েছিলেন খন্দকার ইকবাল হোসেন সেলিম ও সাধারণ সম্পাদক হয়েছিলেন মুন্সী হাবিবুর রহমান। এ মাসের দ্বিতীয় সপ্তাহে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্দেশে ফরিদপুর জেলা বিএনপি জেলার সব উপজেলার কমিটি ভেঙে দেওয়া হয়। এ কর্মী সম্মেলনের মাধ্যমে প্রতি উপজেলায় ১৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হবে। এরাই আগামী জুলাই মাসে ফরিদপুর জেলা বিএনপির সম্মেলনে ভোটার হবেন। আর এ আহবায়ক কমিটিই উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করবেন।
- Home
- জেলা সংবাদ
- ভাঙ্গা
- ভাঙ্গায় ১০ বছর পর উপজেলা বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

