

মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা(ফরিদপুর) সংবাদদাতা-২৫/০৬/২০২৫
ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়ের ফ্লাইওভার থেকে পড়ে নুরুউদ্দিন (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যা ৭ টার দিকে ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ের ভাঙ্গা পৌরসভা সংলগ্ন ইন্টারচেঞ্জ ফ্লাইওভার থেকে পড়ে এই ঘটনা ঘটে। নিহত নুরুউদ্দিন নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার সৌদি প্রবাসী কামাল হোসেনের ছেলে। সে মোহনগঞ্জ আদর্শ বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী হিসেবে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।
জানা যায়, এসএসসি পরীক্ষা শেষ করে বন্ধুদের সাথে ৪০ দিনের ১ চিল্লা দিতে তাবলীগ জামাতে এসেছিলো নুরুউদ্দিন। আর মাত্র ৬ দিন পরে তার বাড়িতে ফেরার কথা ছিল। তাই বন্ধুদের সাথে মঙ্গলবার বিকেলে ভাঙ্গা ইন্টারচেঞ্জ ফ্লাইওভার দেখতে এসেছিল। তখন অসাবধানতাবশত ফ্লাইওভারের উপর থেকে নিচের আন্ডারপাস সড়কে পড়ে যায় এবং মাথায় আঘাত পায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় ভাঙ্গা থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে ভাংগা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের বলেন, নুরুউদ্দিন নামক একজনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নুরুউদ্দিন নামক এক কিশোর ব্রিজ থেকে পড়ে মারা গেছে। পরিবারের আবেদনে তার লাশ আইনি প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

