
মোঃ রমজান সিকদার
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা,
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত স্কুলছাত্রী ফারজানা (১১) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। টানা ১৭ দিন জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে আজ সোমবার (২২ ডিসেম্বর) সকালে না ফেরার দেশে চলে যায় সে। নিহত স্কুলছাত্রী ফারজানা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ডাঙ্গার পাড় গ্রামের ফিরোজ শেখের মেয়ে ও ভাঙ্গা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের এবছর লটারিতে বিজয়ী হয়ে ৬ষ্ট শ্রেণীতে ভর্তি হবার কথা ছিল। তার মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। দুপুরে তার গ্ৰামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
নিহত স্কুলছাত্রীর মামা সাংবাদিক ও কবি বাদশা খন্দকার এবং এলাকার ইউপি সদস্য হায়দার মেম্বার জানান, গত ৫ ডিসেম্বর ফরিদপুর বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌর এলাকার কৈডুবী রেল ক্রসিংয়ে একটি বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একই পরিবারের ৩ জন সহ মোট ৪ জন নিহত হন। ওই দুর্ঘটনায় ইজিবাইকে থাকা স্কুলছাত্রী ফারজানা তার মা শান্তা খন্দকারও গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ১৭ দিন প্রাণপণ চেষ্টার পরও শেষ পর্যন্ত ফারজানাকে বাঁচানো সম্ভব হয়নি।
এব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, ঐ দুর্ঘটনায় এপর্যন্ত মোট ৫ জনের মৃত্যু হয়েছে। এঘটনায় ভাঙ্গা থানায় একটি মামলা হয়েছে।
- Home
- জেলা সংবাদ
- ভাঙ্গা
- ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আহত স্কুলছাত্রীর মৃত্যু। পারিবারিক কবরস্থানে দাফন

