ভাঙ্গায় ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার


মোঃ রমজান সিকদার
ভাঙ্গা(ফরিদপুর) সংবাদদাতা১৩/০৭/২০২৫
ফরিদপুরের ভাঙ্গায় রনি মিয়া (৩৫) নামের এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। রবিবার সকাল সাড়ে ১০টার সময় উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের কোষাভাঙ্গা গ্রামে ব্যবসায়ীর বসত ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।
সে উক্ত গ্রামের আবদুল খালেক মিয়ার পুত্র ও দরগা বাজারের আখের রসের ব্যবসায়ী ছিল।

এ বিষয় নিহত রনির স্ত্রী ইমা আক্তার জানান, রনির সাথে তার ১০ বছর আগে বিবাহ হয়। বিবাহের পর থেকে স্বামীকে নিয়ে বাবার দেওয়া বাড়িতে আমরা একত্রে বসবাস করে আসছি। আমাদের ঘরে তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছে। গত রাতে আমরা একত্রে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে পাশের রুমে ঘরের আড়ার সাথে স্বামী রনির লাশ ঝুলতে দেখে চিৎকার দেই এবং পরে পুলিশকে খবর দেই। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে ভাঙ্গা থানা উপ-পরিদর্শক মোঃ হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রনি মিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারন ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।