ভাঙ্গায় বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জন সহ নিহত-৪ আহত-৪


মোঃ রমজান সিকদার
ভাঙ্গা(ফরিদপুর)সংবাদদাতা,
ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার কৈডুবী রেল ক্রসিং এর সামনে শুক্রবার(৫ ডিসেম্বর) দুপুরে পরিবহন বাসের সাথে থ্রী হুইলার ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই ইজিবাইকে থাকা একই পরিবারের ৩ জন সহ মোট ৪ জন নিহত ও ৪ জন গুরুতর আহত হয়েছে। খবর পেয়ে স্থানীয় জনতা, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। আহতদের উদ্ধার করে প্রথমে ভাঙ্গা ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চালাচ্ছে।
দুর্ঘটনায় নিহতরা হলেন, একই পরিবারের নুরুন্নার বেগম(৫৫) সে ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পুর্ব সদরদী গ্রামের আব্দুর রহমানের স্ত্রী। ও তার মেয়ে রিমু বেগম(৩৫) ও রিমু বেগমের শিশু সন্তান রায়হান(৩)। অপর ব্যক্তি শাহআলম বাবু (৫৫) সে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি গ্রামের জয়নাল মাস্টারের পুত্র।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, কুয়াকাটা থেকে ঝিনাইদহের উদ্দেশ্যে ছেড়ে আসা নিউ মর্ডান পরিবহন ভাঙ্গার কৈডুবী রেল ক্রসিংয়ে আসলে বিপরীত দিক ভাঙ্গা থেকে পুর্ব সদরদীর উদ্দেশ্যে ছেড়ে আসা থ্রী হুইলার ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে বাসটির ভেতরে ঢুকে যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে ইজিবাইকের ভেতরে থাকা ৪ জনের লাশ উদ্ধার করি। আহত ৪ জনকে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করাই। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। লাশগুলো হাসপাতাল থেকে হাইওয়ে থানায় রাখা হয়েছে । আইনগত প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।