
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা প্রতিনিধি-১৭/০৩/২০২৬
ফরিদপুরের ভাঙ্গায় পৌরসভার এক সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে এক প্রতিবন্ধী পরিবারের বসতঘর দখল, ভাঙচুর ও মুদি দোকানের মালপত্র লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বিকেলে পৌর সভার কৈডুবী সদরদী বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে । পরবর্তীতে ভুক্তভোগী প্রতিবন্ধী পিতা মিজানুর রহমান ও তার প্রতিবন্ধী ২ সন্তানকে সাথে নিয়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে সংবাদ সম্মেলন করেছেন। এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন চৌধুরীকান্দা সদরদীর বাসিন্দা আব্দুল কুদ্দুস মোল্যার ছেলে ভুক্তভোগী মোঃ মিজানুর রহমান।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানায়, গত সোমবার (১৬ মার্চ) বিকেল ৫ টার দিকে শারীরিক প্রতিবন্ধী পরিবারের শেষ সম্বল কৈডুবী সদরদী বাস স্ট্যান্ডের পাশে থাকা একটি বসতঘর সহ মুদি দোকান ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ হামলা চালায় কৈডুবি সদরদী ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহিদ ও তার ছোট ভাই নাহিদের নেতৃত্বে প্রায় শতাধিক দেশীয় অস্ত্রধারীরা ঘটনাস্থলে জড়ো হয়ে হঠাৎ দোকানে হামলা চালায়।
প্রতিবন্ধী মিজানুর আরও জানান, ঘটনার পর থেকে হতাশাগ্রস্ত হয়ে আতঙ্কিত জীবন কাটাচ্ছেন তিনি ও তার পরিবার। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ভুক্তভোগীরা।
এ ঘটনার প্রত্যক্ষদর্শী মিলি বেগম বলেন- আমি বাড়িতে থাকা অবস্থায় শুনতে পাই- এখানে লোকজন জড়সড় হয়ে ভাঙচুর করছে। তারা (অভিযুক্তরা) জানায় সব কিছুই সরকারি হয়ে গেছে। তাদের হাতে হামার সহ বিভিন্ন যন্ত্রপাতি ছিল।
এ বিষয়ে অভিযুক্ত সাবেক কাউন্সিলর জাহিদ ফকির জানান- দোকানটি সরকারি জায়গায় ছিলো। অভিযোগের বিষয়ে তদন্তকারী কর্মকর্তার কাছে ঘটনার স্বীকারোক্তি দিয়েছেন তিনি।
প্রতিবন্ধীদের বসতঘর দখল ও ভাঙচুরের ঘটনার তদন্তকারি পুলিশ কর্মকর্তা থানার এ,এসআই ডালিম হোসেন জানান, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

