ভাঙ্গায় পরীক্ষা কেন্দ্রে অশোভন আচরণের অভিযোগে এনসিপি নেতা অবরুদ্ধ


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা(ফরিদপুর) সংবাদদাতা-১১/০৬/২০২৬

ফরিদপুরের ভাঙ্গায় এসএসসি ব্যবহারিক পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের সাথে অশোভন আচরণের অভিযোগে উপজেলা এনসিপির আহ্বায়ক মোহাম্মদ আশরাফকে অবরুদ্ধ করে রাখে পরীক্ষার্থীরা। এ ঘটনার প্রতিবাদে পরিক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা পরীক্ষা দেয়া বন্ধ করে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে এনসিপির নেতাকে লক্ষ্য করে পরীক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এসময় ইটের আঘাতে স্কুলের প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্ত সহ কয়েকজন শিক্ষক আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌর সদরের কাজী শামসুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কেন্দ্র সচিবের কক্ষে অবরুদ্ধ থাকা ভাঙ্গা উপজেলা এনসিপির আহ্বায়ককে মোহাম্মদ আশরাফকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
কেন্দ্র সচিব ও পরীক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, সকালে ব্যবহারিক পরীক্ষা শুরু হওয়ার আগেই এনসিপি নেতা মোহাম্মদ আশরাফ তার হবু স্ত্রীকে সাথে নিয়ে পরিক্ষা কেন্দ্রে প্রবেশ করেন। এর আগেও প্রত্যেক পরিক্ষায় পরিক্ষা কেন্দ্রে ঢুকে বিভিন্নভাবে তার হবু স্ত্রীকে পরিক্ষায় সহায়তা করে আসছেন। এই নিয়ে আজ বৃহস্পতিবার সকালে পরীক্ষা শুরু হতেই এনসিপির নেতা আশরাফ তার হবু স্ত্রীকে বিভিন্নভাবে সহায়তা করছিলেন। একই রুমে পরীক্ষা দিচ্ছিলেন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাজিদ ইসলাম সহ তার কয়েকজন সহপাঠীরা। তারা এনসিপির নেতাকে তার স্ত্রীকে পরীক্ষায় সহায়তায় করার জন্য প্রতিবাদ শুরু করে। এসময় এনসিপির নেতা নিজেকে দলীয় পরিচয় দিয়ে তার ক্ষমতার অপব্যবহার করেন। এর প্রতিবাদ করায় শিক্ষার্থীদের গালাগালসহ ঠেলাধাক্কা দেন এনসিপির নেতা আশরাফ। এক পর্যায়ে পরীক্ষার্থী সাজিদ ইসলামের গায়ে হাত তোলেন। এর ধরনের অশোভন আচরণের প্রতিবাদে সকল পরীক্ষার্থীরা পরীক্ষা দেয়া বন্ধ করে রুম থেকে বের হয়ে যায়। পরে তারা এনসিপির নেতাকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপসহ বিক্ষোভ করতে থাকে। পরিস্থিতি বেগতিক হয়ে পড়লে দৌড়ে কেন্দ্র সচিবের কক্ষে আশ্রয় নেন এনসিপির নেতা আশরাফ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্কুলের প্রধান শিক্ষকসহ কয়েকজন শিক্ষক এগিয়ে এলে ইটের আঘাতে আহত হন প্রধান শিক্ষকসহ কয়েকজন শিক্ষক।
আহত প্রধান শিক্ষক অরুণ চন্দ্র জানান, পরীক্ষার্থীদের সঙ্গে এনসিপির আহ্বায়ক মোহাম্মদ আশরাফের সঙ্গে অশোভন আচরণের ঘটনায় পরীক্ষার্থীদের ছোড়া ইটের আঘাতে আহত হয়েছি। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরুদ্ধ আশরাফকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘন্টাখানেক পর পরিবেশ শান্ত হলে পুনরায় পরীক্ষা শুরু হয়।

এবিষয়ে ভাঙ্গা থানায় অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এনসিপির আহ্বায়ক মোহাম্মদ আশরাফকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে তাকে তার পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। স্কুল কর্তৃপক্ষ অভিযোগ দিলে বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ প্রসঙ্গে বক্তব্য জানতে এনসিপির ভাঙ্গা উপজেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ আশরাফের মোবাইলে একাধিকবার কল করেও তার বক্তব্য পাওয়া যায় নি।