ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহি বাস খাদে, আহত-২০


মোঃ রমজান সিকদার
ভাঙ্গা(ফরিদপুর) সংবাদদাতা -২০/০৫/২০২৫

ফরিদপুর বরিশাল মহাসড়কের ভাঙ্গায় যাত্রীবাহি একটি বাস সামনের একটি বাসকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এসময় বাসে থাকা ৪৫ জন যাত্রীর মধ্যে অন্তত প্রায় ২০ জন যাত্রী আহত হয়। আহতদের স্থানীয় জনতা ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। মঙ্গলবার (২০ মে) সকাল ১০ টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পূর্ব সদরদী বাসস্ট্যান্ডে এ দূর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান চালায়। এসময় মহাসড়কজুড়ে প্রায় ঘন্টাব্যাপী যানজটের সৃষ্টি হয়।
আহতরা হলেন, পটুয়াখালী জেলার আব্দুর রশিদের ছেলে মো: সজিব (২৫), আমতলী বরগুনার পূর্বটিলা গ্রামের মো: রনির স্ত্রী সুইটি বেগম (২১), ভোলার কালপুরা থানার আটুয়া গ্রামের আলকাজ কাজীর ছেলে মিরাজ কাজী (৩২), গোপালগঞ্জ কাশিয়ানী চরঘাট গ্রামের মোশাররফ শেখের মেয়ে খাদিজা আক্তার (২৩), এছাড়াও বাসের হেলপারসহ (অজ্ঞাত) আরও ১৬ জন নারী পুরুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রোকিবুজ্জামান জানায়, ঢাকা থেকে বরিশালগামী ইকরা পরিবহন নামের একটি যাত্রীবাহি বাস ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা প্রায় ৪০-৪৫ জন যাত্রীর মধ্যে ১৫-২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। তবে এ দূর্ঘটনায় কেউ মারা যায়নি।
দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে সড়কের যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।