ভাঙ্গায় গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার


মোঃ রমজান সিকদার
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি -২০/০৫/২০২৫

ফরিদপুরের ভাঙ্গায় তামান্না আক্তার লিমা (২৫ ) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের গৃহবধূর বাবার বাড়িতে থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। লিমা ঐ গ্রামের মিলন ফকিরের মেয়ে এবং ফরিদপুর জেলা সদরের পশ্চিম খাবাসপুর এলাকার নাঈম ভূইয়ার স্ত্রী ।
পারিবারিক সূত্রে জানা যায়, লিমার
বিয়ের পর অন্তঃসত্ত্বা হলে সে সময় ভুল একটি অপারেশনে লিমার জরায়ু নাড়ী কেটে ফেলা হয় । এতে লিমা মা হওয়ার সকল পথ বন্ধ হয়ে যায়। এনিয়ে স্বামী স্ত্রী ও পরিবারের লোকজনের সঙ্গে মাঝে মধ্যেই মনোমালিন্য হতো। লিমাকে দায়ী করে শশুর বাড়ীর লোকজন বিভিন্ন সময় চরম লাঞ্ছিত করার পাশাপাশি তার উপরে অমানবিক নির্যাতন চালানো হয়। স্বামী ও তার পরিবারের অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেড়ে লিমা গত ৪ দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে চলে আসে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে লিমা তার মায়ের সাথে কথা বলে তাদের টিনের ঘরের পূর্ব পাশের একটি রুম গিয়ে দরজা বন্ধ করে দেয়। এরপর দীর্ঘ সময় পার হয়ে গেলে তার ছোট ভাই শাহরিয়ার ফকির রুমের দরজা বন্ধ দেখে তার বোন লিমাকে ডাকাডাকি করতে থাকে। রুমের ভিতর থেকে কোন সারা শব্দ না পেয়ে দরজার ফাঁক দিয়ে তার বোনকে ঘরের ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস নিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন এসে লিমা কে ঝুলন্ত অবস্থায় দেখে ভাংগা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লিমার লাশ উদ্ধার করে।
ভাঙ্গা থানার উপপরিদর্শক রতন কুমার বলেন, পারিবারিক কলহের জেরধরে গৃহবধূ তামান্না আক্তার লীমা গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আগামীকাল বুধবার ফরিদপুর মর্গে পাঠানো হবে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।