

মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা -২৩/০৩/২০২৫
ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের সলিলদিয়া নামক স্থানের সার্ভিস লেনে রোববার দুপুরে মাটিবাহী ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক কলেজ ছাত্র সাব্বির আলী (১৮) ঘটনাস্থলে নিহত এবং তার মা মিমি বেগম (৫০)গুরুতর আহত হয়। নিহত কলেজ ছাত্র ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের সলিলদিয়া গ্ৰামের শাহ আলমের পুত্র ও ভাঙ্গা সরকারি কেএম কলেজের উচ্চ মাধ্যমিকের ১ম বর্ষের ছাত্র। দুর্ঘটনার পর উত্তেজিত বিক্ষুব্ধ জনতা মাটিবাহী ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। পরে শিবচর হাইওয়ে থানা পুলিশ ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় গুরুতর আহত কলেজ ছাত্রের মা মিমি বেগমকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক তমাল সরকার জানান, মোটরসাইকেলযোগে মা ও ছেলে ভাঙ্গা উপজেলার মালিগ্রাম বাজারে যাছিল ঈদের কেনাকাটা করতে। হাইওয়ে এক্সপ্রেসের সলিলদিয়া নামক স্থানে মোটরসাইকেলটি ফিডার সড়ক থেকে সার্ভিস লেনে ওঠার সময় মাটিবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক কলেজ ছাত্র সাব্বির আলী ঘটনা স্থলে নিহত এবং তার মা মিমি বেগম আহত হয়। ট্রাক চালক দুর্ঘটনা ঘটিয়ে ট্রাক রেখে পালিয়ে যায়। পরে উত্তেজিত জনতা ট্র্যাকটিতে আগুন ধরিয়ে দেয়। ঘাতক ট্রাক চালকে আটক করতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

