ভাঙ্গায় টোল ফাঁকি দেওয়া ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-১১/০৩/২০২৬

ফরিদপুরের ভাঙ্গায় বগাইল টোল ফাঁকি দিয়ে চলাচলকারী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (১১ মার্চ) সকালে ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের ভাঙ্গা ধান গবেষণা কেন্দ্রের সামনের সার্ভিস লেনে মোটরসাইকেল আরোহী কামাল শেখ (৪৫) মারা গেছে। সে ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্ৰামের রাজ্জাক শেখের পুত্র। টোল ফাঁকি দেওয়া চলাচলকারী যানবাহনে গত কয়েকমাসে একই স্থানে একাধিক দুর্ঘটনা ঘটেছে। যাতে ৪ জনের মৃত্যু সহ অসংখ্য মানুষ আহত হয়েছেন।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, সকালে ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে মোটরসাইকেলটি হাইওয়ে এক্সপ্রেসের সার্ভিস লেনের আন্ডারপাস অতিক্রম করতে গেলে দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করি। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবিষয়ে নিহতের আত্মীয় জাহিদ সিকদার জানান, নিহত কামাল শেখ ভুষি মাল ও মৎস্য ব্যবসায়ের সাথে যুক্ত ছিলেন। মাত্র দুইদিন আগেই সহধর্মিণীকে নিয়ে ওমরা হজ্ব পালন করে দেশে ফিরেছেন। আজ সকালে মৎস্য ব্যবসায়ের কাজে ভাঙ্গা মাছের আড়তে নিজ মোটরসাইকেল যোগে গিয়েছিলেন।
উল্লেখ্য দুর্ঘটনা কবলিত স্থানটিতে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। কারন হিসাবে স্থানীয়রা জানান, সন্ধ্যার পর হতে সকাল পর্যন্ত বগাইল টোল প্লাজার টোল ফাঁকি দিয়ে বড় বড় বাস, ট্রাক সহ যানবাহন চলাচল করে। টোল কতৃপক্ষ ও পুলিশের উদাসীনতার কারণে সুযোগ সন্ধানী চালককেরা এই অবৈধ সুবিধা নিয়ে থাকে। যে কারণে প্রতিদিন একই স্থানে দুর্ঘটনা ঘটছে। স্থানীয়দের দাবি অনতিবিলম্বে এই টোল ফাঁকির ব্যবস্থা বন্ধ করা হোক।