ভাঙ্গায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত


মোঃ রমজান সিকদার
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-৩০/০৪/২০২৬ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের খাটরা গ্রামে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে ভাই শ্যামল বিশ্বাস (৪০) মারা গেছে। সে ঐ গ্ৰামের রাজেশ্বর বিশ্বাসের ছেলে।এসময় ছেলেকে বাঁচাতে গেলে সেই ছুরির আঘাতে মা মিনতি বিশ্বাসকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে চাচাতো ভাইয়েরা।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, বাড়ির সীমানায় একটি নারিকেল গাছ নিয়ে উভয় পরিবারের মধ্যে বিরোধ ছিল। আজ বিকেলে শ্যামল বিশ্বাস ঐ নারিকেল গাছ থেকে নারকেল পারতেছিল। এসময় তারই আপন চাচাতো ভাই নিখিল বিশ্বাস বাঁধা দিলে উভয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এক পর্যায়ে নিখিল বিশ্বাস ও তার ভাইয়ারা মিলে তাকে ছুরিকাঘাত করে। এসময় শ্যামল বিশ্বাসের মা মিনতি বিশ্বাস গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক শ্যামল বিশ্বাস কে মৃত ঘোষণা করে। খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জন্য থানায় নিয়ে আসি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে ঘাতকদের আটকের জন্য ইতিমধ্যেই পুলিশ মাঠে কাজ করছে।
নিহত শ্যামল বিশ্বাসের মা মিনতি বিশ্বাস বলেন, বেশ কিছু দিন ধরেই ওরা আমার ছেলেকে মেরে ফেলার চেষ্টা করছে। আজ নারকেল পাড়ার বিষয়টিকে কেন্দ্র করে ওরা সব কয় ভাই মিলে আমার ছেলেকে কুপিয়ে হত্যা করে।