
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর ) সংবাদদাতা-১৯/০১/২০২৬
ফরিদপুরের ভাঙ্গায় স্বর্ণা বেগম (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) সকালে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের তালকান্দা গ্রামে গৃহবধূর বাবার বাড়ির একটি ঘর থেকে থেকে লাশটি উদ্ধার করে।
স্বর্ণা বেগম ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের তালকান্দা গ্রামের বেলায়েত ভূঁইয়ার মেয়ে এবং রবিউল ইসলামের স্ত্রী। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকালে নিহত গৃহবধুর সাথে তার স্বামী রবিউলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাগ করে স্বামী রবিউল বাড়ি থেকে বের হয়ে যান। কিছুক্ষণ পরে স্বর্ণা আক্তারের মা স্বর্ণাকে তাদের টিনের ঘরের বাঁশের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে থাকতে দেখে চিৎকার করেন। তখন পরিবারের লোকজন এসে স্বর্ণাকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে এবং মৃত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে ভাংগা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ভাঙ্গা থানায় নিয়ে আসে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম জানান, ভাঙ্গায় এক গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ সকালেই ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে ভাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

