ভাঙ্গায় উচ্চ স্বরে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে দু”দল গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে আহত-৩০


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা,

ফরিদপুরের ভাঙ্গায় উচ্চ স্বরে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে দু”দল গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। দুই ঘণ্টাব্যাপী চলা রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের পক্ষের ৩০ গ্ৰামবাসি আহত হয়েছে। আহতদেরকে ভাঙ্গা ও ফরিদপুরের মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর ) সকালে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের সিঙ্গারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনা স্থলে পৌঁছিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
জানা গেছে, ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের সিঙ্গারিয়া গ্রামে আধিপত্য বিস্তারে দুটি পক্ষ শক্ত অবস্থানে রয়েছে। এক পক্ষের নেতৃত্ব দেন সিঙ্গারিয়া গ্রামের বাসিন্দা ও হামিরদী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. আসাদ মাতুব্বর ও অপর পক্ষের নেতৃত্ব দেন একই গ্রামের মনির মোল্লা। দুই পক্ষের পূর্বের থেকেই  বিরোধ রয়েছে।
রোববারের সংঘর্ষের ঘটনার সুত্রপাত হয় গত বৃহস্পতিবার রাতে মনির মোল্লার সমর্থক বাবলু মোল্লার বাড়িতে তার ছেলের সুন্নতে খাতনা উপলক্ষে উচ্চ স্বরে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে। রাতে অনুষ্ঠান চলাকালে সাউন্ডবক্সের উচ্চ আওয়াজে আসাদ মাতুব্বরের পক্ষের কয়েকজন আপত্তি করে। এরপরও উচ্চস্বরে বাজতে থাকলে তারা ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশের সহায়তা নেয়। পুলিশ রাতেই ঘটনাস্থল পৌঁছে বক্স বাজানো বন্ধ করে দেয়। এ নিয়ে পরদিন গ্রামে চরম উত্তেজনা সৃষ্টি হয়।
এ ঘটনার জের ধরে রবিবার( ১৬ নভেম্বর) সকালে আসাদ মাতুব্বরের দলের জাফর মাতুব্বরকে মারধর করে দাঁত ভেঙে দেয় মনি মোল্লার লোকজন। এ সংবাদ গ্ৰামবাসির মধ্যে ছড়িয়ে পড়লে দুই পক্ষের দু”দল গ্রামবাসী মাথায় হেলমেট পরে হাতে দেশীয় অস্ত্র ঢাল, সড়কি, টেটা, ইটপাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন বলেন, সিংগারিয়া গ্রামে সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এ ঘটনায় কোনো পক্ষ এখনও অভিযোগ দেন নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।