ভাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত-২০


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা(ফরিদপুর) সংবাদদাতা-১৩/০১/২০২৬

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুইটি পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের নারী পুরুষ মিলে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর ) ভোর ৬ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত উপজেলার তুজারপুর ইউনিয়নের সড়ইবাড়ি গ্রামে এ সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও সেখানকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে না থাকায় ৪ ঘন্টাব্যাপী সংঘর্ষ চলে। পরে অতিরিক্ত পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে বর্তমানে পরিস্থিতি থমথমে বিরাজ করছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম জানান, তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে হাবিবুর রহমান তালুকদার ও কবির খান গ্রুপের মধ্যে দীর্ঘদিনের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। গত দুইদিন আগে কবির খানের পক্ষের লোক শহীদ খানকে গ্রামের রাস্তায় মারধর করে। এরপর এই নিয়ে গতদুই দিনে দু’দফায় কবির খানের পক্ষের লোকজনের বসতঘর ভাঙচুর, লুটপাট চালায়। সেই জের ধরে আজ মঙ্গলবার ভোর ৬ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র, ঢাল- সড়কি নিয়ে সংঘর্ষে জড়ায়। এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।